সরকার ব্যর্থ করার চেষ্টায় আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে বললেন নজরুল ইসলাম খান

বর্তমান সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টায় আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাধারণ মানুষের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই প্রবীণ নেতা এসব কথা বলেন।

পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান দাবি করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনো প্রতিশোধ নেওয়ার জন্য নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপচেষ্টা প্রতিহত করতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বক্তব্যের সময় জাতীয় শিল্পের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দেশের জাতীয় শিল্পের রূপান্তর ও উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সবচেয়ে বড় ভূমিকা ও উদ্যোগ নিয়েছিলেন।