বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার লক্ষ্যে সরকার নতুন ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতা বলে গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে এই নীতিমালাটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
নতুন এই নীতিমালার আওতায় বাংলাদেশি নাগরিক, প্রবাসী বাংলাদেশি এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি বিনিয়োগের বিপরীতে ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত এফডিআইয়ের ভিত্তিতেই এই প্রণোদনা প্রদান করা হবে।
প্রণোদনাটি কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের শেয়ার ক্রয় বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগ এই সুবিধার অন্তর্ভুক্ত হবে না। তবে বিদ্যমান কোনো বিনিয়োগকারী যদি তার বর্তমান ব্যবসার বাইরে নতুন কোনো খাতে বা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন, তবে তা প্রণোদনার জন্য বিবেচিত হবে।
নীতিমালা অনুযায়ী, বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করে একটি ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ সংগ্রহ করতে হবে। এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে এবং মূল্যায়নে অন্তত ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো পূর্ব সম্পর্ক থাকা যাবে না এবং বিনিয়োগের আগের দুই বছরেও কোনো আনুষ্ঠানিক যোগসূত্র থাকা নিষিদ্ধ করা হয়েছে।
প্রণোদনার অর্থ দুই পর্যায়ে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন ও রেমিট্যান্স নিশ্চিত হওয়ার পর ৫০ শতাংশ এবং কারখানা স্থাপন বা বাণিজ্যিক কার্যক্রমের অগ্রগতি যাচাই সাপেক্ষে বাকি ৫০ শতাংশ এক বছর পর দেওয়া হবে। বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), আরজেএসসি এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য যাচাই করা হবে। নগদ অর্থ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এই সুবিধার বাইরে থাকবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।
অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় এই অর্থ বিতরণ করা হবে, তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে তা দেশের বাইরে পাঠাতে পারবেন। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর এফডিআই সংক্রান্ত ডাটাবোর্ড প্রকাশ করবে এবং জাতীয় পর্যালোচনা কমিটি নিয়মিত নীতিমালাটির কার্যকারিতা পর্যালোচনা করবে। উল্লেখ্য, নীতিমালাটি কার্যকর হওয়ার আগের বিনিয়োগের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না। বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

