৪২ দিন পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

পদ্মা নদীতে মারাত্মক নাব্যতা সংকট দেখা দেওয়ায় দীর্ঘ ৪২ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি সেবা। বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে এই গুরুত্বপূর্ণ পথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ নেওয়াজ শিবলী জানান, নদীতে পানি কমে নাব্যতা সংকট তৈরি হওয়ায় গত ১২ অক্টোবর থেকে এ রুটটিতে ফেরি চলাচল পুরোপুরি স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার কাজ চলে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ ৪২ দিন পর বুধবার থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। বর্তমানে একটি মাত্র ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন নদী পারাপার করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলের রাজবাড়ীসহ বিভিন্ন জেলার সঙ্গে উত্তরবঙ্গের পাবনা ও সিরাজগঞ্জের সড়ক যোগাযোগ সহজ করতে এই নৌরুটটি অন্যতম প্রধান মাধ্যম। ফলে ফেরি চলাচল ফের শুরু হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বস্তি প্রকাশ করেছেন এ পথে যাতায়াতকারী যাত্রী এবং যানবাহন চালকেরা।

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যকার দূরত্ব কমানোর লক্ষ্যে ২০২৩ সালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাছ থেকে এই নৌপথটি অধিগ্রহণ করে বিআইডব্লিউটিসি। এরপর দুটি ফেরির সাহায্যে প্রতিদিন চারবার যানবাহন ও যাত্রী পারাপার চালু করা হয়েছিল। তবে স্থায়ী ও টেকসই ড্রেজিং ব্যবস্থার অভাবে এ নৌরুটটি প্রায়ই নাব্যতা সংকটে পড়ে স্থবির হয়ে যায়, যার ফলে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের বারবার চরম দুর্ভোগ পোহাতে হয়।