গোপালগঞ্জে স্বাভাবিক জনজীবন, নিরাপত্তা রক্ষায় টহলে আইনশৃঙ্খলা বাহিনী

গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট, মার্কেট, অফিস-আদালত, ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সড়কে মানুষের চলাচলও বৃদ্ধি পেয়েছে। তবে স্বাভাবিক পরিস্থিতির মধ্যেও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ পুরোপুরি কাটেনি। সোমবার সরেজমিনে শহরের লঞ্চঘাট, ডিসি রোড, পুলিশ লাইনস ও বিভিন্ন মার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা ও টহল অব্যাহত রয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশ দিয়ে বিজিবি ও পুলিশের একটি টহল দলকে গাড়ি নিয়ে যেতে দেখা যায়। এর ১৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ৪০ থেকে ৫০ জন যুবককে ওই ঈদগাহ মাঠের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে দেখা যায়। তারা প্রায় ১০টি অটোরিকশা ও মিশুকে করে সেখানে এসেছিলেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, গত রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে যুবকদের জেলা সদরে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অটোরিকশা চালক আসাদ রহমানের তথ্য অনুযায়ী, এসব যুবকরা ঘোণাপাড়া থেকে জেলা সদরে এসেছেন।

ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যবসায়িক কেন্দ্রগুলোতেও মানুষের উপস্থিতি বেড়েছে। নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় জেলায় আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার ফলে জেলায় বর্তমানে মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্বে রয়েছেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের আরও ৭ প্লাটুন যুক্ত হওয়ায় বর্তমানে জেলায় মোট ১৫ প্লাটুন আনসার সদস্য রয়েছেন।

আগামী ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। এছাড়া সোমবার মিছিল ও স্লোগান ছাড়া শহরের অন্যান্য এলাকায় উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যায়নি।