ভূগর্ভস্থ একটি সামরিক স্থাপনায় নতুন এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা প্রকাশ্যে এনেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি ওই স্থাপনার একটি বিশেষ ভিডিও চিত্র সম্প্রচার করা হয়। আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব।
ইরানের সামরিক বাহিনী পূর্বে একই সঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থা ব্যবহার করত। সেই তুলনায় নতুন প্রযুক্তিটিকে আরও উন্নত মনে করা হচ্ছে। সামরিক গবেষকদের মতে, কঠিন জ্বালানির চেয়ে তরল জ্বালানি ব্যবহারে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা বাড়ে। এটি ব্যবহারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পান পরিচালনাকারীরা।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কথা জানান। তিনি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’
ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুসারে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকায় এগুলো শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সহজেই এড়িয়ে যেতে সুবিধা পাবে। এ ছাড়া ইরানের নতুন প্রজন্মের এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বাড়ার পাশাপাশি মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) সাহায্য ছাড়াই নিজস্ব প্রযুক্তিতে পথনির্দেশনা পাওয়ার সক্ষমতা যুক্ত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কয়েক কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে সারিবদ্ধভাবে রাখা রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান। গতকাল শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এই নতুন ভূগর্ভস্থ স্থাপনাটি ঘুরে দেখেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। তবে ওই ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছিল, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

