খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাদিক কায়েম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম জানান, রোববার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে তার বাড়িতে এই হামলা চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে আল্লাহর অশেষ রহমতে এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

সাদিক কায়েম তার স্ট্যাটাসে দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। তিনি আরও বলেন, আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা মনে করেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের দমাতে পারবে না, বরং তাদের লড়াইকে আরও দৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন।