পদ্মা সেতু এলাকায় সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগ এড়াতে টানা ৭২ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছেন শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেতুর দক্ষিণ প্রান্তসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত পালাক্রমে নজরদারি চালিয়ে যাচ্ছেন তাঁরা। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
গত ১৬ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু এলাকায় বিক্ষোভ ও পথসভা থেকে এই তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন স্থানীয় বিএনপি নেতারা। এর ধারাবাহিকতায় জাজিরা টোল প্লাজা, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং আশপাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় রয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের দাবি, লকডাউনের নামে কেউ যাতে কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করাই তাঁদের এই অবস্থানের মূল লক্ষ্য। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখাও তাঁদের উদ্দেশ্য। সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম জানান, জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
এদিকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থানের মধ্যেও পদ্মা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন নির্বিঘ্নে সেতু পারাপার করছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানিয়েছেন, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।

