ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দাবি তেহরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির এক কর্মকর্তা। তেহরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, হরমোজগান প্রদেশের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপপ্রধান আহমদ নাফিসি এই তথ্য নিশ্চিত করেছেন।

আহমদ নাফিসির ভাষ্য অনুযায়ী, কেশম দ্বীপের বেশ কয়েকটি স্থানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তবে এই হামলায় দ্বীপটির আবাসিক এলাকা, বাণিজ্যিক স্থাপনা কিংবা অন্য কোনো অবকাঠামোর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানিয়েছেন।

এর আগে স্থানীয় ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল যে, কেশম দ্বীপের বাসিন্দারা দ্বীপের শহরের উত্তর-পশ্চিম দিক থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।