মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি

মাদারীপুরের শিবচরে সোমবার (১৬ নভেম্বর) পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে জুনায়েত (১০) ও হুমায়রা (দেড়) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জুনায়েতের বাবা ওবায়দুল খালাসী। তাঁদের পরিবার শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করেন। অপর শিশু হুমায়রা উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামের আলম মিয়ার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জুনায়েত গোসল করার জন্য শিবচর উপজেলা পরিষদের পুকুরে যায়। তার সঙ্গে একটি লাইফ জ্যাকেট থাকলেও পানিতে নামার সময় সে তা পরিধান করেনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পুকুরের সিঁড়িঘাটে তার ব্যবহৃত লাইফ জ্যাকেটটি পড়ে থাকতে দেখেন তারা। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে জুনায়েতের নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিনে বিকেলে সন্নাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমে থাকা পানিতে ডুবে দেড় বছর বয়সী হুমায়রার মৃত্যু হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল-মমিন জানান, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।