রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম মেট্রেপলিটন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা। পরে বিচারক শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে এ রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন এই পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে তিনি পুলিশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্যও বাইরে পাচার করতেন। সিএমপির এক পুলিশ কর্মকর্তা এজাহারের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে সাধারণ মানুষকে মাঠে নামানোর পরিকল্পনার কথা বলা হয়েছিল। ওই বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সংগঠিত আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে নামার বিষয়টিও উঠে আসে। তবে মেসেজটি ঠিক কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিনই তার ব্যবহৃত দাপ্তরিক ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার উদ্দেশ্যে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। বর্তমানে এ ঘটনায় বিভাগীয় তদন্ত পরিচালনা করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, রাষ্ট্রদ্রোহের এই মামলাটি পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।

