চট্টগ্রামে ৬ হত্যা মামলা: ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রথম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যপর্ব শুরু হবে।

ট্রাইব্যুনাল-২ গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল। তবে গ্রেপ্তারের শিকার পাঁচ আসামি এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। এরপর ২১ সেপ্টেম্বর, ৮ অক্টোবর এবং ১৩ অক্টোবর তিন দফা শুনানির পর গত ১৯ অক্টোবর আদালত আবেদনটি খারিজ করে দেন। এর আগে গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল সুনির্দিষ্ট তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল প্রসিকিউশন পক্ষ ফরমাল চার্জ দাখিল করেছিল।

মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।