দেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক মৌলিক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা। প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই তথ্য জানানো হয়।
প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার এই কোর্সে প্রতিদিন ৬ ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে। দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা তরুণ-তরুণীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।
প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখা হয়েছে। কোর্সে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং খাবারের সুবিধা পাবেন। কোর্স শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর কপির ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
