যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর ভয়াবহ হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে শহরের ব্যস্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট। ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এই হামলার ঘটনাটি ঘটে।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করে ফেলেন। পুলিশ ফোনে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে আত্মসমর্পণের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কর্মকর্তারা ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশ সেই কক্ষে প্রবেশ করে ওই ব্যক্তিকে আটক করে। জানা গেছে, তিনি নিজেই নিজেকে গুলি করেছিলেন।
ঘটনাস্থলে থাকা আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, হামলার পরপরই এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন এবং সন্দেহভাজনকে ধরতে অভিযান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন, যেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন। তিনি গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন। ওই ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরছিল। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে গেলেও, গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

