খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং আবদুল জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন এবং ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামে হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি দোকানের সামনে এসে থামেন। মোটরসাইকেল থেকে নেমে তাদের একজন সরাসরি দোকানের ভেতরে প্রবেশ করেন এবং জাকির হোসেনের মাথায় গুলি করেন। হামলার পরপরই দুই দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার খবর পেয়ে রূপসা থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

