যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে একটি ভবনে বন্দুকধারীর তাণ্ডবে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনের লোগান সার্কেল এলাকায় এ গুলির ঘটনা ঘটে। হামলার পর অভিযুক্ত বন্দুকধারী ওই ভবনের ভেতরে অবস্থান নিয়ে নিজেকে অবরুদ্ধ করে রাখে।
ডিসি কাউন্সিলের সদস্য ব্রুক পিন্টো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, লোগান সার্কেলের ভিআইডিএ ফিটনেস ক্লাবের ভেতরে ও বাইরে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে উল্লেখ করেন, জিম থেকে দৌড়ে নিরাপদে পালিয়ে যাওয়ার সময়ও আরও কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী এখনো তাদের হেফাজতে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে উন্নত কৌশলগত সরঞ্জাম ও অস্ত্রসহ মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা জোরদারে আশপাশের ভবনের ছাদে রাইফেল হাতে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এ ছাড়া কয়েক ডজন পুলিশের গাড়ি দিয়ে ঘটনাস্থলের চত্বর ঘিরে রাখা হয়। ঘটনার সময় কাছাকাছি ভবনের ছাদে দাঁড়িয়ে সাধারণ মানুষকে পুলিশের এই উদ্ধার ও নিরবচ্ছিন্ন অভিযান পর্যবেক্ষণ করতে দেখা যায়।

