কানাডার বাজারে বাংলাদেশের পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) কানাডার যৌথ উদ্যোগে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ (ট্রাইসেগ)’ শীর্ষক একটি নতুন প্রকল্প চালু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।
ডিসিসিআই সভাপতি আশা প্রকাশ করেন যে, ট্রাইসেগ প্রকল্পটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ এবং সরাসরি বাজার সংযোগ সহায়তার মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উদ্যোক্তারা কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও সুযোগ অন্বেষণ করতে সক্ষম হবেন। টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ জানান, এই প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা কানাডার স্থানীয় বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধিতে সার্বিক সহযোগিতা পাবেন। এই উদ্যোক্তাদের মধ্যে ৬৭ শতাংশই নারী এবং বাংলাদেশের প্রায় ২০০টি এসএমই প্রতিষ্ঠান এই সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাসান আরিফ জানান, চলমান ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি উল্লেখ করেন, কানাডা বাংলাদেশি পণ্যের রপ্তানির ক্ষেত্রে শীর্ষ ১০টি গন্তব্যের মধ্যে অন্যতম, যেখানে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাট ও পাটজাত খাতে ২৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যা আশাব্যঞ্জক। তবে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে পণ্যের বহুমুখীকরণ অত্যন্ত জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও পণ্যের গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, এ প্রকল্পটি দেশের পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের বহুমুখীকরণ, মান উন্নয়ন এবং মানদণ্ড পরিপালনে সহায়তা করবে। লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মূল্য সংযোজনের অভাবে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছে না।
অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় বাংলাদেশে কানাডার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) মাহবুবুর রহমান, জুট ল্যান্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম অংশ নেন। মো. সাইফুল ইসলাম আগামী ১০ বছরের জন্য পাটজাত পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান, কাঁচা পাটের মূল্য নির্ধারণ এবং সাপ্লাই চেইন ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান। প্রতিমা চক্রবর্তী নারী উদ্যোক্তাদের আর্থিক সুবিধা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ ও সার্টিফিকেশন কমপ্লায়েন্স ব্যয় হ্রাসের ওপর জোরারোপ করেন। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান জানান, কেন্দ্রীয় ব্যাংকের ‘উইমেন এন্ট্রাপ্রেনার ডেভেলপমেন্ট ফান্ড’-এর আওতায় ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখান থেকে নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

