করিমগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগম (৩০) নিহতের ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। তবে এ মামলায় অভিযুক্ত অপর চারজনকে খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। এছাড়া খালাসপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়ায় রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে হাবিবুর রহমানের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। প্রতিবেশী কলি আক্তারের চুলার ধোঁয়া হাবিবুর রহমানের ঘরে প্রবেশ করায় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে আসামিরা জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান।

হামলাকারীরা লোহার রড, কাঠের বর্গা ও লাঠি দিয়ে জ্যোৎস্না বেগমকে আঘাত করেন। এসময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর আত্মীয় আয়শা আক্তারকেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্না বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।