২২৬ কোটি টাকার চেক প্রত্যাখ্যান, অনন্ত জলিলকে আইনি নোটিশ

ব্যবসায়িক সংকটের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার জেরে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর অংশ হিসেবে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। এই ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে গত ১৮ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষকে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে পর্যাপ্ত তহবিলের অভাবে তা প্রত্যাখ্যাত হয়।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনা মহামারির সময় ব্যবসায়িক কার্যক্রম স্থবির থাকলেও তিনি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বড় অঙ্কের দায় তৈরি হয়েছে, যা কাটিয়ে উঠতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন। তবে শুধু ঋণের সংকট নয়, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে তার মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে, ব্যবসা টিকিয়ে রাখতে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খোঁজার চেষ্টা করেছেন, এমনকি চীনা উদ্যোক্তাদের সঙ্গেও আলোচনা করেছিলেন। তবে কারখানাগুলো ভাড়া দেওয়া বা নতুন বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে কোনো পক্ষ থেকেই তিনি আশানুরূপ সাড়া পাননি। নিজের ব্যবসায়িক সংকটের কারণ হিসেবে অনন্ত জলিল করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিকে দায়ী করেছেন।

আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন তিনি। সেই ঋণের সুদসহ বর্তমানে বড় অঙ্কের দেনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।