দেশের জ্বালানি খাতের সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রবিবার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে চলমান বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
মুখ্য সচিব জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই বছরের মধ্যেই এই টার্মিনালগুলোর কার্যক্রম দৃশ্যমান হবে।
মাতারবাড়ী প্রকল্পে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করে এ বি এম আব্দুস সাত্তার বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের বিভিন্ন প্রকল্পে কর্মসংস্থানের সুযোগসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এছাড়া মাতারবাড়ীতে বর্তমান সরকারের আমলে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
গভীর সমুদ্রবন্দরের গুরুত্ব তুলে ধরে মুখ্য সচিব বলেন, এই বন্দরের কাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। তিনি আরও অভিযোগ করেন যে, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়নি, তবে বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পগুলোর কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

