দেশে আবারও ষড়যন্ত্র চলছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের মতো এবারও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। বেলা ১২টা থেকেই নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল নামতে শুরু করে। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এলাকাটি হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আলোকচিত্র সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরিধান করে নেতা-কর্মীরা র্যালিটিকে বর্ণাঢ্য রূপ দেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো এখনও এক পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত। তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায় এবং আবারও 'আমি-ডামি' নির্বাচনের ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। তিনি বলেন, একাত্তর, নব্বই এবং ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের মতো আবারও আমরা দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। আজকের দিনটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দিন হিসেবে পালন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ২০২৪ সালের ৫ই আগস্ট মানুষ জীবন বিসর্জন দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তা রক্ষার শপথ নেয়ার দিন হিসেবেও তিনি আজকের দিনটিকে গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী হাজার হাজার নেতা-কর্মীর কাছে সমর্থন চাইলে তারা মুহুর্মুহু করতালির মাধ্যমে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ভেতরে বা বাইরে যেখান থেকেই ষড়যন্ত্র হোক, সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে তার জবাব দেয়া হবে। ৭ই নভেম্বরকে জাতীয় ঐক্যের দিন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দিন এবং বাক স্বাধীনতার দিন হিসেবে উল্লেখ করে তিনি স্লোগান ধরেন, 'দিল্লী নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।'
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা শুধু স্বাধীনতা-সার্বভৌমত্বই ছিনিয়ে আনেনি, তারা স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের মতোই ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের মানুষ অপশক্তিকে পরাজিত করেছে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে র্যালিতে অংশ নেন। তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যসহ সর্বস্তরের নেতারা অংশ নেন। বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে সমাপনী বক্তব্য রাখেন।

