নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আহ্বান শামা ওবায়েদের

নারীদের যথাযথভাবে এগিয়ে না নিলে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দেশের সামগ্রিক ক্ষমতায়নের জন্য নারী উদ্যোক্তাদের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা আবশ্যক।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বিএমআই প্রাঙ্গণে আয়োজিত জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটের সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। তিনি মনে করেন, বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য পরিচিত করতে নারীদের তৈরি পণ্য একটি প্রধান উপকরণ হতে পারে।

উল্লেখ্য যে, গত ৫ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়, যেখানে সারা দেশ থেকে ৬০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ দিনে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮টি বিভাগের ৮ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।