যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর ভিত্তিহীন জানাল কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হওয়ার দাবি ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কাতার। দেশটির মতে, এ ধরনের অসত্য তথ্য ছড়িয়ে দিয়ে যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, মূলত তারাই সুবিধা আদায় করতে চাইছে, যা মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা তৈরি করতে পারে।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই অবস্থান পরিষ্কার করেন। তিনি উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যকার আলোচনা ভেস্তে গেছে এমন দাবি ছড়ানোর নেপথ্যে মূলত কাজ করছে সংঘাত বাড়াতে চাওয়া পক্ষগুলোর স্বার্থ।

মাজেদ আল-আনসারি আরও জানান, একটি সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় কাতারের মধ্যস্থতাকারীরা দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন এবং আলোচনায় দৃশ্যমান অগ্রগতি আনতে কাজ করছেন।