কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের পূর্ব দিকের পাহাড়ে মরদেহগুলোর সন্ধান পায় পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো উদ্ধারের জন্য কাজ চলছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে বাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এই সংঘর্ষে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। অভিযানের সময় জিম্মি অবস্থায় থাকা ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করা সম্ভব হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাহাড়ে মরদেহ পড়ে থাকার তথ্য ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দুর্গম পাহাড় থেকে সশস্ত্র অপরাধীদের আস্তানা পুরোপুরি নির্মূল করতে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। মানবপাচারকারীদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধনের বিষয়টিও প্রশাসন পর্যবেক্ষণ করছে। দায়িত্ব পালনরত একজন সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউএনও আরও বলেন, এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

