চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও এআই বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আধুনিক সাংবাদিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে শুরু হওয়া এ প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো তিনি নিয়মিত পাঠ করেন। তবে অনেক সময় দেখা যায় একাধিক সংবাদ হুবহু একই রকম। এ ক্ষেত্রে প্রতিটি পত্রিকারই নিজস্বতা বজায় রাখা দরকার বলে তিনি মতামত প্রকাশ করেন। পাশাপাশি সংবাদের গুরুত্ব বুঝে তা প্রচার ও প্রকাশের তাগিদ দেওয়ার সাথে সাথে দায়িত্ববোধ ও সচেতনতার সঙ্গে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা ভুলে গেলে চলবে না। সমাজকে সচেতন করতে তারা যেসব বিষয় সংবাদে তুলে ধরেন, সেগুলো নিজেদেরও মেনে চলা উচিত। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী এবং এটি পেশাগত কর্মক্ষেত্রে সাংবাদিকদের বহুলাংশে কাজে লাগবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে চাঁদপুরের সাধারণ সংবাদের পাশাপাশি এলাকার সাংস্কৃতিক অঙ্গনের খবরগুলোও বেশি করে তুলে ধরার তাগিদ দেন তিনি।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় আলোচনা করেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আনোয়ার হাবিব কাজল। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।