তারেক রহমানকে নিয়ে দেওয়া মন্তব্য ১০ দিনের মধ্যে প্রত্যাহার না করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএমে প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) এনসিপির আহ্বায়ক বরাবর এ নোটিশ পাঠান।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় চ্যানেল ওয়ান ও চ্যানেল আই-এ নাহিদ ইসলামের একটি বক্তব্য প্রকাশিত হয়। সেখানে তিনি দাবি করেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’ উক্ত বক্তব্য নোটিশ পাঠানো আইনজীবীর দৃষ্টিগোচর হওয়ায় তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলে জানান।
নোটিশে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে ঈর্ষান্বিত করে এমন অবাস্তব ও কাল্পনিক মন্তব্য করা সম্পূর্ণ অমার্জনীয়। এমন মন্তব্য করে নাহিদ ইসলাম নিজেকে ছোট, অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রজ্ঞাহীন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে জাতি এ ধরনের অগ্রহণযোগ্য, অজ্ঞতা ও রাজনৈতিক অপ্রজ্ঞার বক্তব্য কখনো আশা করেনি।
এই অবস্থায় নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বিতর্কিত বক্তব্যটি প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

