ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভের জেরে সাভার ও গাজীপুরের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভের দ্বিতীয় দিনে মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুর থেকে সাভারের পরিস্থিতির অবনতি হতে থাকলে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মাইকিংয়ের মাধ্যমে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।
একই দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকে ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১২টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপে বিক্ষুব্ধ শ্রমিকেরা আগুন ধরিয়ে দেন। কালিয়াকৈরের বিভিন্ন পয়েন্টে এই সহিংসতা ও অবরোধের কারণে মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

