ইতালিতে মজুরি স্থবিরতা, নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে তীব্র বিক্ষোভ করেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। রাজধানী রোমসহ দেশটির ৬০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়া এই আন্দোলনে কৃষক, ট্যাক্সিচালক, ট্রাকচালক এবং আবাসন অধিকারকর্মীরাও একাত্মতা প্রকাশ করেছেন। বিক্ষোভকারীদের মূল দাবি হলো, মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আবাসন খাতে সরকারি বিনিয়োগ বাড়ানো। একই সঙ্গে তারা সামরিক খাতে বরাদ্দ কমিয়ে সেই অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করার আহ্বান জানিয়েছেন।
তৃণমূল শ্রমিক সংগঠন ‘ইউনিওনে সিনদাকালে দি বেসে’ (ইউএসবি)-এর ডাকে শুক্রবার ইতালিতে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রোমের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ব্যানার ও পতাকা হাতে স্লোগান দিতে দেখা গেছে, যেখানে অনেকে ধোঁয়া ছড়িয়ে প্রতিবাদ জানান। একজন বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পেট্রলের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু গত ৩০ বছরে আমাদের মজুরি বাড়েনি।’ অন্য এক অংশগ্রহণকারী জানান, তারা বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং আগামী নির্বাচনে জয়ী হতে বদ্ধপরিকর।
বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে আয়োজক ও সরকারের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। ইউএসবি দাবি করেছে, সারা দেশে ১০ থেকে ১৫ লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের সংগঠন ওএসএর মতে, এই সংখ্যা প্রায় ২০ লাখ। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ২ লাখ ৫৫ হাজার।
বার্তা সংস্থা এএনএসএ-এর তথ্য অনুযায়ী, ৬০টির বেশি শহরে কর্মসূচিগুলো পালিত হয়েছে। রোমেই প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন বলে আয়োজক সংগঠন ইউএসবি দাবি করেছে। অধিকাংশ শহরে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও রোম ও তুরিনসহ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

