এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর জন্য বিশেষ পরীক্ষার সুযোগ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এই বিশেষ ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের পরবর্তী বছরের পরীক্ষার জন্য আর অপেক্ষা করতে হবে না।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তীকালীন পরীক্ষা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছিল। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের প্রক্রিয়া দুই মাসের মধ্যে এবং তিন বা তার বেশি বিষয়ে অকৃতকার্যদের ক্ষেত্রে তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ফল প্রকাশের পর এক মাস পুনর্নিরীক্ষণের কার্যক্রম চলবে। এরপর পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে এবং পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নের পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। দুই বিষয়ে পরীক্ষা হলে দুই মাসের মধ্যে এবং তিন বা তার বেশি বিষয়ে হলে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। তবে কতটি বিষয়ে অকৃতকার্যদের এই সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সাধারণত পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি পরিবর্তনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন গত ১০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ অকৃতকার্য শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন।

উল্লেখ্য, গত ২ জুলাই দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হয়েছে। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।