লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আটক ২

লক্ষ্মীপুরে মাটি ব্যবসার বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে আটক করেছে।

নিহত খোরশেদ আলম ওই এলাকার রুহুল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। এর কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ শুনে তার পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, ওয়ালিদ নামে এক ব্যক্তি মাটি ব্যবসার বিরোধ নিয়ে এর আগেও খোরশেদকে হুমকি দিয়ে আসছিলেন। তারা আরও জানান, মোরশেদ ও মজিদ নামে দুইজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছুট্টু, কামরুল, বাচ্চু, হিরু ও জহিরসহ আরও ৫-৬ জনের একটি দল সংঘবদ্ধভাবে খোরশেদকে এলোপাতাড়ি গুলি করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, এই ঘটনায় আটক ছুট্টু পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে এবং মাসুদ বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।