আইজিপির ক্রসফায়ার মন্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ক্রসফায়ার নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়।

তিনি উল্লেখ করেন, ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি মন্তব্য করেছিলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে তাহলে আমরা সেটাই করব।’ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ব্যক্তি হয়ে এমন বক্তব্য প্রদান তার চাকরিবিধির পরিপন্থী বলে জামায়াত নেতা দাবি করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা, বাকস্বাধীনতা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে ইতিহাস ছিল, আইজিপির এই বক্তব্য সেই কর্মকাণ্ডের পুনরাবৃত্তির হুমকি ও ইঙ্গিত দেয়। তার মতে, এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী এবং এটি দেশে ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও দাবি করেন, রাষ্ট্রকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং সরকারদলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য থেকেও তা স্পষ্ট। এছাড়া দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলে জুবায়ের বলেন, নাগরিকদের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।