আমিরাতের ভিসা জটিলতায় বাংলাদেশিরা, কারণ খুঁজছে দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের রেসিডেন্সি ভিসা হঠাৎ বাতিল হয়ে যাওয়ার ঘটনায় প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। ছুটিতে বা অন্য কোনো প্রয়োজনে আমিরাতের বাইরে থাকা অনেক বাংলাদেশির ভিসা কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাওয়ার তথ্য বাংলাদেশ দূতাবাসের নজরে এসেছে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেন ঘটছে, তা নিশ্চিত হতে আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটছে, নাকি বিশেষ কোনো প্রশাসনিক সিদ্ধান্তের অংশ—তা জানার চেষ্টা চলছে।

দূতাবাস জানিয়েছে, বিষয়টি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই অবগত রয়েছেন এবং নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের বিষয়টি জানানো হবে।

এই পরিস্থিতিতে প্রবাসীদের গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মিশন। একইসঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন মেনে চলার অনুরোধ জানিয়ে দূতাবাস বলেছে, যেকোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে বাংলাদেশ দূতাবাস।