আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন না ইকার ক্যাসিয়াস

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ছে। এর মধ্যেই আর্জেন্টিনাকে নিয়ে খোঁচা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তার দৃঢ় বিশ্বাস, এবার আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে না; বরং স্পেনই তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্যাসিয়াস লিখেছেন, তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না। চতুর্থ তারকা জয়ের কোনো সুযোগ নেই। এবার আমাদের দ্বিতীয় তারকা জয়ের পালা। এগিয়ে যাও স্পেন।

উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে ইংল্যান্ড প্রথমে লিড নিলেও তাদের রক্ষণাত্মক কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন ক্যাসিয়াস। ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও, কোচ টমাস টুখেলের দল এরপর আক্রমণাত্মক ফুটবল ছেড়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগী হয়।

ম্যাচ শেষে ক্যাসিয়াস আরও লিখেছেন, ইংল্যান্ড নিজেদের ভুল রণকৌশলের কারণেই হেরেছে। শেষ ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছে। শেষ পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণের সামনে ইংল্যান্ডের রক্ষণ ভেঙে পড়ে। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান এবং এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে লিওনেল স্কালোনির শিষ্যরা জয় নিশ্চিত করে।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। অন্যদিকে স্পেন জয় পেলে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।