নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সাভারের পাকিজা মোড়ে জড়ো হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আসিফ বলেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে দেশের শিক্ষার্থীরা অপমানিত ও ক্ষুব্ধ হয়েছে। তাই তিনি বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আরেক শিক্ষার্থী আমেনা বলেন, একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তার মতে, এমন বক্তব্যের মাধ্যমে শিক্ষামন্ত্রী নৈতিকভাবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন।
ঢাকা জেলা ট্রাফিক (উত্তর) বিভাগের টিআই (অ্যাডমিন) রুহুল আমিন সোহেল জানান, দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। তাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন।

