বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ছাগলনাইয়ায় থমথমে পরিস্থিতি

ফেনীর ছাগলনাইয়ায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের জেরে বিএনপির স্থানীয় দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে পৌর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে র‍্যাব ও পুলিশ সদস্যদের সশস্ত্র অবস্থান নিতে দেখা গেছে।

দুপুরের পর থেকে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর সদরের জিরো পয়েন্ট, কলেজ রোড, ছাগলনাইয়া-ফেনী সড়ক এবং ছাগলনাইয়া-শুভপুর সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা টহল জোরদার করে এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

বিকেল ৫টার দিকে আলমগীর সিদ্দিকী গ্রুপের কয়েকজন সমর্থক কলেজ রোড এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে র‍্যাব ও পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সময় ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহেরের সঙ্গে ছাত্রদল নেতা নাদিম উদ্দিন ও তার এক সহযোগীর বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।

এর আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার গাড়িচালক আদনানসহ হুমায়ুন, সোহেল ও ইমনও আহত হন। এ ঘটনায় রিয়াজ উদ্দিন মজুমদার টিপু ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, একই দিন ভোররাতে আলমগীর সিদ্দিকী গ্রুপের সদস্য হানিফ আহত হন। এ ঘটনার জন্য সিদ্দিকী গ্রুপ টিপু গ্রুপকে দায়ী করলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করেছে। ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের জানান, দুই পক্ষের কর্মসূচি ও পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।