ঝাড়খণ্ডে এক কোটি রুপি মাথার দামের মাওবাদী শীর্ষ নেতা গ্রেফতার

ভারতে মাওবাদী দমনে দীর্ঘদিনের অভিযানের ধারাবাহিকতায় এবার বড় ধরনের সাফল্য পেয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে ভারতের নিষিদ্ধ মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরাকে। তাঁর মাথার ওপর এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের জঙ্গল থেকে এই শীর্ষ নেতার সঙ্গে আরও দুই মাওবাদী কমান্ডারকেও গ্রেফতার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত প্রায় ২০ বছর ধরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন মিসির বেসরা। সম্প্রতি গোয়েন্দা সূত্রে খবর আসে যে, ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলে কয়েকজন সঙ্গীকে নিয়ে লুকিয়ে আছেন এই মাওবাদী নেতা। এই তথ্যের ভিত্তিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), গিরিডি ও ধানবাদ পুলিশ যৌথভাবে ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করে। মঙ্গলবার রাত ৯টার দিকে ধানবাদ ও গিরিডি সীমানার জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সঙ্গীদেরসহ তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মাওবাদী এই নেতার গ্রেফতারকে ভারতের মাওবাদী দমনের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত এক বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক অভিযানে মাওবাদী সংগঠনের প্রায় সব শীর্ষ নেতাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অথবা গ্রেফতার হয়েছেন। এই সময়ে বিভিন্ন এনকাউন্টারে প্রাণ হারিয়েছেন শত শত মাওবাদী কমান্ডার ও সাধারণ সদস্য। তবে দলের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য হিসেবে মিসির বেসরা গভীর জঙ্গলে আত্মগোপন করে ছিলেন।

মাওবাদী সংগঠনে ভাস্কর ও সাগর নামেও পরিচিত ছিলেন মিসির বেসরা। এর আগে ২০০৭ সালেও একবার ঝাড়খণ্ডে গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে ২০০৯ সালে বিহারের লখিসরাই জেলা আদালতে একটি মামলায় হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় মাওবাদীরা পুলিশ বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। আদালত চত্বরে চালানো সেই হামলা থেকে মিসির বেসরাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল তাঁর সহযোগীরা। দীর্ঘ দেড় দশক পর আবারও পুলিশের জালে ধরা পড়লেন এই শীর্ষ মাওবাদী নেতা।