গুজবে কান না দিয়ে তথ্য যাচাইয়ের আহ্বান মন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশবাসীকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান ‘নগদ’ বিক্রি নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। তিনি জানান, বাজার প্রতিযোগিতার স্বার্থে এই ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানটির সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। সরকারের মূল লক্ষ্য হলো নগদের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলা।

ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের ধারণা নতুন নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এটি সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এই উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হবে, যা নাগরিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করবে। উদ্যোক্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হলে ডাক বিভাগ সব ধরনের সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে মন্ত্রী মন্তব্য করেন। তিনি ডাক বিভাগের আধুনিকায়ন এবং নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের বিশেষ আস্থা রয়েছে। দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের কাজ চলছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, উন্নত নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারের রাজস্ব বৃদ্ধি অপরিহার্য। নগদের সাথে ডাক বিভাগের অংশীদারিত্বের ফলে জনগণের আস্থা ও সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে ও বাইরে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে, যা ভবিষ্যতে সারা দেশে সম্প্রসারণ করা হবে। অনুষ্ঠানে বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সভাপতিত্ব করেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রী ডাক বিভাগের অবিভাগীয় এজেন্টদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব হতে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে ঢাকার অভ্যন্তরে ৪ টি এবং ঢাকার বাইরে ৪টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে দেশের সকল অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।