হরমুজ প্রণালিতে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা জারি করল দিল্লি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই বাণিজ্যিক জাহাজে নাবিক নিয়োগের বিষয়ে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ দেওয়া যাবে না।

গত সপ্তাহে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলায় অন্তত দুইজন ভারতীয় নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের বাণিজ্যিক জাহাজ খাতে সবচেয়ে বেশি নাবিক সরবরাহকারী দেশগুলোর একটি হলো ভারত। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তিন লাখ ২০ হাজারেরও বেশি ভারতীয় নাবিক এই খাতে কর্মরত ছিলেন।

ভারতের নৌপরিবহন মহাপরিদপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচল করবে এমন কোনো জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ দেওয়া যাবে না। জাহাজ মালিক ও নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।