বিদেশি পর্যটকদের থেকে আয়ের ১৫ শতাংশ রাখতে পারবে ব্যবসায়ীরা

বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজস্ব বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা রাখার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

নতুন এই সুবিধার আওতায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও শপিংমলসহ যেসব ব্যবসাপ্রতিষ্ঠান বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির সঙ্গে যুক্ত, তারা অন্তর্ভুক্ত হবে। আন্তর্জাতিকভাবে ইস্যু করা ডেবিট, ক্রেডিট ও ট্রাভেল কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে। যোগ্য প্রতিষ্ঠানগুলো তাদের নামে পরিচালিত এফসি অ্যাকাউন্টে আয়ের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। তবে বাকি ৮৫ শতাংশ অর্থ তাৎক্ষণিকভাবে বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক লেনদেন সহজতর করা এবং বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে ব্যবসায়ীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যেন বৈধ বৈদেশিক মুদ্রার চাহিদা ও আর্থিক দায় মেটাতে পারে, সেই সুযোগও নিশ্চিত করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, এফসি অ্যাকাউন্টে জমা রাখা অর্থ বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন মেনে আন্তর্জাতিক কার্ডের বিলসহ চলতি হিসাবের বিভিন্ন বৈধ দায় পরিশোধে ব্যবহার করা যাবে।

তবে কোনো প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়ার আগে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য অনুমোদিত মাধ্যমে অর্থ গ্রহণের প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাই করে নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে পর্যটন ও সেবা খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজ হবে এবং বিদেশি পর্যটকনির্ভর ব্যবসায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।