পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ডেমোক্র্যাটিক প্রার্থী আটক

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষক ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের সঙ্গে জলপাই সংগ্রহের সময় মার্কিন কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ল্যান্ডার নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ল্যান্ডার জানান, বেথলেহেমের পশ্চিমে জলপাই সংগ্রহের সময় একদল রাব্বি ও স্বেচ্ছাসেবকের সঙ্গে তাকেও আটক করা হয়। নিজের পোস্টে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক আইনে দখলদারত্ব একটি অপরাধ, অথচ জলপাই সংগ্রহ করা কোনো আইনেই অপরাধ নয়। তবে ল্যান্ডার পরবর্তীতে জানান, তার পরিচিতি ও প্রভাবের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ফিলিস্তিনিরা প্রতিদিন এর চেয়ে অনেক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন।

ফিলিস্তিনি আন্দোলনকারী আমিরা মুসলিম আনাদোলুকে জানান, বেথলেহেমের পশ্চিমে হুসান শহরে জলপাই সংগ্রহের সময় ইসরাইলি বাহিনী ল্যান্ডারসহ ৪৫ জন বিদেশি স্বেচ্ছাসেবক ও ২৫ জন ইসরাইলি আন্দোলনকারীকে আটক করেছিল।

ল্যান্ডারের এ অভিযোগের জবাবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয় ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত রাজনৈতিক নাটক’ আখ্যা দিয়ে দাবি করেছে যে, ল্যান্ডার ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা উপেক্ষা করেছিলেন। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনি জমির মালিক জলপাই সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুমতি বা সমন্বয় করেননি। তাদের দাবি, একটি ইসরাইলি বসতির কাছে সমন্বয়হীনভাবে জলপাই সংগ্রহের কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের সমন্বয় প্রয়োজন।

জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, বসতি স্থাপনকারীরা প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছেন এবং জলপাই সংগ্রহে বাধা দিচ্ছেন। ইহুদি বংশোদ্ভূত ল্যান্ডার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ঘনিষ্ঠ মিত্র, যিনি ইসরাইলি নীতির একজন প্রকাশ্য সমালোচক। গত জুনে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে ল্যান্ডার বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে পরাজিত করেছিলেন।