সেঞ্চুরি ক্লাব নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে মোট সাতজন খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। অভিযুক্তদের মধ্যে ছয়জন বাংলাদেশের এবং একজন ভারতের নাগরিক। শুধু খেলোয়াড়রাই নয়, এই প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক ও আয়োজকদেরও শাস্তির আওতায় আনা হয়েছে। সম্প্রতি এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ আমার দেশ-কে জানান, বিশেষ করে ভারতের সীমান্তবর্তী এলাকায় আয়োজিত দাবা টুর্নামেন্টগুলোতে অভিযুক্ত খেলোয়াড়রা বড় ধরনের অনিয়ম করেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুতর একটি অপরাধ। তারা বোর্ডে না খেলেই নিজেদের মতো করে ফলাফল তৈরি করছিলেন। এছাড়া অনেক খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে না খেলে অসাধু পথ অবলম্বন করেছেন, যার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

