বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহের স্থায়িত্ব ও বিস্তৃতি উদ্বেগজনকভাবে বাড়ছে। আগে তাপপ্রবাহ ছিল বিচ্ছিন্ন ও স্বল্পস্থায়ী ঘটনা, কিন্তু বর্তমানে তা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে এবং কখনো কখনো মাসের পর মাস স্থায়ী হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ ধরনের ভয়ংকর তাপপ্রবাহকে ‘তাপঝড়’ বা হিট স্টর্ম হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থায়ী এক রেকর্ড গড়া তাপঝড় পৃথিবীর প্রায় ৮৫ শতাংশ এলাকাকে কোনো না কোনো সময়ে প্রভাবিত করেছে।
গত ২০ অক্টোবর প্রকাশিত রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনটিতে ১৯৬০-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, ১৯৬০-এর দশকে বছরে গড়ে প্রায় পাঁচটি তাপঝড় সক্রিয় থাকলেও চলতি দশকে সেই সংখ্যা বেড়ে বছরে গড়ে প্রায় ১০২টিতে দাঁড়িয়েছে। রয়টার্সের গবেষকরা বিশ্বের ১০ লাখের বেশি ভৌগোলিক এলাকার প্রতিদিনের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করেছেন এবং এ কাজে দুই ডজন আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকের মতামত নিয়েছেন।
সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, কোনো স্থানে টানা পাঁচ দিন বা তার বেশি সময় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা থাকলে তাকে তাপপ্রবাহ ধরা হয়। আর এই তাপপ্রবাহ যখন পৃথিবীর মোট আয়তনের অন্তত এক শতাংশ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে, তখন তাকে ‘তাপঝড়’ বলা হচ্ছে। ১৯৬০-এর দশকের সবচেয়ে বড় তাপপ্রবাহটি প্রায় ৪৬ দিন স্থায়ী হয়ে পৃথিবীর ছয় শতাংশ এলাকা প্রভাবিত করেছিল। বিপরীতে, চলতি দশকের সবচেয়ে বড় তাপঝড়টি ৩৬৭ দিন স্থায়ী হয়ে পৃথিবীর প্রায় ৮৫ শতাংশ এলাকায় ছড়িয়ে পড়েছে।
তাপঝড়ের প্রভাব কেবল অসহনীয় গরমের মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি খরা ও দাবানল বাড়াচ্ছে, কৃষি উৎপাদন ব্যাহত করছে এবং মানুষের প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ২০২৩ থেকে ২০২৪ সালের তাপঝড়ের সময় সৌদি আরবের মক্কায় হজের সময় তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল, যাতে এক হাজার ৩০০ জনের বেশি হজযাত্রীর মৃত্যু হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় দীর্ঘস্থায়ী খরা ও দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতে লিবিয়ার দেরনা শহরে বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়। এছাড়া ২০২৬ সালের জুন-জুলাই মাসে ইউরোপের বড় অংশে তীব্র গরমে রেললাইনের ইস্পাত বেঁকে যায় এবং বিভিন্ন দেশের সরকার এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ১০ হাজারের বেশি মৃত্যুর তথ্য দিয়েছে।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ১৯৬০-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ৩০ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে তাপপ্রবাহ ও তাপঝড়ে আক্রান্ত পৃথিবীর গড় অংশ ১২ গুণের বেশি হয়েছে। এর সঙ্গে প্রশান্ত মহাসাগরে উষ্ণ পানির পর্যায়ক্রমিক ঘটনা ‘এল নিনো’ তাপপ্রবাহকে আরও তীব্র করছে। নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের অধ্যাপক জেমস রেনউইকের মতে, তাপঝড় বৈশ্বিক সভ্যতার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়া ‘রাইমুন্ডো’ নামের একটি তাপঝড় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে পৃথিবীর তিন-চতুর্থাংশ এলাকাকে প্রভাবিত করেছে, যা ইউরোপের দাবদাহ এবং স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানলের পেছনে ভূমিকা রেখেছে।

