ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাঁকে ঘিরে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। তবে টেলিভিশন চ্যানেলটির এমন পদক্ষেপে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি চ্যানেলটির ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।
ফেসবুক পোস্টে মাছরাঙা টেলিভিশনকে সরাসরি সম্বোধন করে পরীমণি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।’ তিনি দাবি করেন, এই ঘটনার ফলে তাঁর স্বাভাবিক জীবন নতুন করে দুর্বিষহ হয়ে উঠেছে এবং এর পুরো দায়ভার টেলিভিশন চ্যানেলটিকেই নিতে হবে।
নিজের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে পরীমণি আরও জানান, ইন্টারনেটে তিনি নিজের কোনো কাজের বিষয় কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ পোস্টও আর স্বাভাবিকভাবে করতে পারছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁর সন্তানদের ছবি পোস্ট করলেও নিচে হাজার হাজার নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। নিজের মানসিক শান্তি বিঘ্নিত হওয়া ও পেশাগত ক্ষতি হওয়ার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর।’
অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় যুক্ত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছিল মাছরাঙা টেলিভিশন। তবে সেই আইনি প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরীমণি। সেই প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে অভিনেত্রী লিখেছেন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা।’ বক্তব্যের একদম শেষপর্যায়ে ক্ষুব্ধ পরীমণি সোজা সাপ্টা ভাষায় বলেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’ তাঁর এই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে বিনোদন অঙ্গন।

