সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবসার সুযোগ রেখে আসছে নতুন অধ্যাদেশ

দেশের নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন দৃশ্যমানভাবে বাড়াতে একটি বড় নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে 'বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬' চলতি সপ্তাহের মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উঠছে। এই অধ্যাদেশটি জারি হলে সরকারি ও আধা সরকারি ভবনের ছাদ, প্রাঙ্গণ, ভবনসংলগ্ন পতিত জমি কিংবা জলাশয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন ও তা বিতরণ কোম্পানির কাছে বিক্রি করার সুযোগ পাবে।

প্রস্তাবিত কাঠামোর আওতায় ওপেক্স (OPEX) মডেলে বেসরকারি উদ্যোক্তারা সরকারি স্থাপনা ব্যবহার করে নিজস্ব অর্থায়নে প্যানেল স্থাপন, বিনিয়োগ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করে বিদ্যুৎ বিক্রির ব্যবসা চালাতে পারবেন। অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠানগুলো চাইলে নিজেদের অর্থায়নে ক্যাপেক্স (CAPEX) মডেলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনে সৌরবিদ্যুৎ খাতে সরাসরি বিনিয়োগের মাধ্যমে নিজস্ব আয় বাড়াতে পারবে।

পুরো কার্যক্রম তদারকি ও দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি 'জাতীয় পলিসি কাউন্সিল' গঠনের বিধান রাখা হয়েছে খসড়ায়। পাশাপাশি মাঠপর্যায়ে কারিগরি জটিলতা নিরসন ও সমন্বয়ের জন্য জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সভাপতিত্বে পৃথক কারিগরি ও সমন্বয় কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে গত ১১ অক্টোবর অধ্যাদেশটি প্রথম দফায় উত্থাপিত হলেও বিভিন্ন ধারা সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় পরিমার্জন শেষে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য গত শনিবার ফের মন্ত্রিসভায় পাঠানো হয়। চলতি সপ্তাহের বৈঠক থেকেই প্রস্তাবিত অধ্যাদেশটির অনুমোদন মিলতে পারে।

খসড়া অধ্যাদেশের বিধান অনুযায়ী, ভাসমান সৌরবিদ্যুৎ, কৃষিভিত্তিক সৌর বিদ্যুৎ, সোলার সেচ পাম্প, কোল্ড স্টোরেজ, ইজিবাইক চার্জিং কিংবা চা বাগানের ছাদ ও সংলগ্ন অব্যবহৃত জমি ব্যবহার করে সর্বোচ্চ ৫ মেগাওয়াট পর্যন্ত সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা যাবে। তবে সরকারি সম্পদ বা ছাদ ব্যবহারের আগে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং ক্রেতা বিতরণ কোম্পানির মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করা বাধ্যতামূলক হবে। সরকারি সম্পত্তি ব্যবহারের জন্য বিনিয়োগকারীকে নির্দিষ্ট হারে ফি দিতে হবে এবং নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে বিক্রি করা যাবে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্যানেল বা যন্ত্রপাতি চুরি, চোরাই মাল গ্রহণ, সোলার অবকাঠামোর ক্ষতিসাধন এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান যুক্ত করা হয়েছে। এসব অপরাধের বিচার করবেন একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট। তবে খসড়ার ১৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বা কর্মচারী সরল বিশ্বাসে কোনো কাজ করলে তার বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা কিংবা আইনি কার্যধারা গ্রহণ করা যাবে না।

উল্লেখ্য, প্রায় দুই মাস আগে প্রকাশিত নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্রে সরকারি, বেসরকারি, আবাসিক ও শিল্পকারখানায় মোট ৫ হাজার ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও গণপূর্ত বিভাগ বিভিন্ন ভবনের ছাদের ৩০ থেকে ৭০ শতাংশ এলাকা সোলারের জন্য বরাদ্দ রাখবে। সব নির্মাণাধীন ও নির্মিতব্য ভবন, সেতু ও উপযোগী কাঠামোতে সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক করা হচ্ছে, যা 'জাতীয় রুফটপ সোলার গাইডলাইন' অনুসরণ করে পরিচালিত হবে।

ছাদের পাশাপাশি ভূমিতে আরও ৪ হাজার ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যা ভূমির সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জিং। তবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই কৃষিজমি কিংবা হাওড়-বিলসহ জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা নষ্ট করে সোলার প্যানেল বসানো যাবে না। পরিত্যক্ত সরকারি জমি পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) কর্তৃপক্ষের ওয়েবসাইটে তালিকাভুক্ত করে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। এসব ক্ষেত্রে জমির উপযোগিতা বুঝে ব্যাটারিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাধ্যতামূলক থাকবে। উন্মুক্ত দরপত্র, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট ও পিপিপি পদ্ধতিতে উৎপাদিত এই বিদ্যুৎ পিডিবি ক্রয় করবে, যার পূর্বে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে নিশ্চিত বিনিয়োগের সনদপত্র (লেটার অব সাপোর্ট) জমা দিতে হবে।