বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন স্থগিত করল শিক্ষা বোর্ড

দেশের সব বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। কমিটি গঠন সংক্রান্ত নতুন প্রবিধানমালা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত ‘প্রবিধানমালা, ২০২৬’ এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি। এই কারণে পরিস্থিতি বিবেচনায় নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা কমিটি গঠন স্থগিত রাখতে বলা হয়েছে।

জরুরি এই নির্দেশনার অনুলিপি ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠনের বিদ্যমান নিয়মে পরিবর্তন আনতে ২০২৬ সালের একটি নতুন প্রবিধানমালার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত প্রবিধানমালায় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন ও মনোনয়ন পদ্ধতি, সভাপতির যোগ্যতা এবং ক্ষমতার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। তবে খসড়াটি এখনো চূড়ান্ত রূপ পায়নি।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, ম্যানেজিং কমিটির সাধারণ সদস্যদের পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তারাও সভাপতি পদে মনোনীত হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া সভাপতির ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি করার সিদ্ধান্ত প্রস্তাব করা হয়েছে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রস্তাবিত খসড়া প্রবিধানমালা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদনের পর সংশোধনীগুলো চূড়ান্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।