জ্ঞানেশের ঘুম উড়ে গেছে, তাঁকে রাজসাক্ষী হওয়ার আহ্বান রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন যে, মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার বর্তমানে প্রবল চাপে রয়েছেন এবং তিনি বিনিদ্র রজনী যাপন করছেন। সোমবার নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, তিনি জানেন সিইসিও এই সংবাদ সম্মেলন দেখছেন এবং তাঁর উচিত অবিলম্বে রাজসাক্ষী হয়ে যাওয়া।

প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে রাহুল আরও বলেন, ‘আপনি পদত্যাগ করুন এবং রাজসাক্ষী হয়ে যান। এটাই আপনার প্রায়শ্চিত্তের একমাত্র পথ। আপনি অন্যায় করেছেন ঠিকই, কিন্তু আপনি মূল অপরাধী নন; এই অপকর্মের মস্তিষ্ক অন্য কেউ।’ রাহুল গান্ধীর মতে, নরেন্দ্র মোদি, অমিত শাহ, অজিত দোভাল এবং গৌতম আদানিরা সিইসির ওপর নিরন্তর চাপ সৃষ্টি করে চলেছেন, যার ফলে সংবিধান বিপন্ন হচ্ছে।

প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে রাহুল বলেন, প্রধান বিচারপতি বিরোধীদের সঙ্গে দেখা করতে রাজি হননি—এমন প্রচার চালানো হচ্ছে। কিন্তু আসল বিষয় হলো, প্রধান বিচারপতি আমাদের পিটিশন বা আবেদন ফাইল করার পথ বাতলে দিয়েছেন। সেই অনুযায়ী আজ বিকেলেই সুপ্রিম কোর্টে আবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

লোকসভার বিরোধী নেতা দেশবাসীকে সংবিধান ও গণতান্ত্রিক চরিত্র রক্ষার এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। যে যেভাবে পারেন, এই আন্দোলনে যোগ দিন।’

রাহুল গান্ধী দাবি করেন, সরকারের প্রায় দুই শতাধিক কর্মকর্তা—যাদের মধ্যে ইডি, সিবিআই ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আধিকারিকরাও রয়েছেন—তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সরকারের গোপন তথ্য সরবরাহ করছেন। তিনি আরও অভিযোগ করেন, দিল্লিকে বর্তমানে দুর্গে পরিণত করা হয়েছে এবং ৩০ থেকে ৪০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তিনি দাবি করেন, এই পুলিশ সদস্যদের মধ্যে ৫০ শতাংশই তাদের লড়াইকে সমর্থন করছেন।

আন্দোলনের পরবর্তী ধাপ সম্পর্কে রাহুল বলেন, পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি ঠিক করা হচ্ছে। নির্বাচন কমিশনে গিয়ে প্রতিবাদ জানাতে বাধা দেওয়া, গ্রেপ্তার এবং যন্তর মন্তরে যেতে না দেওয়ার পর এখন সুপ্রিম কোর্টই তাদের গন্তব্য। তিনি স্পষ্ট করেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই লড়াই থামবে না।