রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে এক বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এই নিশ্চয়তা দেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোসাটমের কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে। বৈঠকে প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে রোসাটমের মহাপরিচালক জানান, প্রকল্পের প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ চুল্লি থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
পাশাপাশি তিনি জানান, আগামী বছর থেকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু হবে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনের আগের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চুল্লি চালুর প্রাথমিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
রোসাটমের মহাপরিচালক আশা প্রকাশ করেন যে, রূপপুর প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই কেন্দ্রটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। এছাড়া রূপপুর প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পারমাণবিক শক্তি খাত সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

