ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, রোগীসহ অ্যাম্বুলেন্স খাদে

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়েছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনরা আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রায়পুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং খাদে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

আহত রোগীর নাম ফজলুল হক। তিনি ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে।

ফজলুল হকের ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা প্রতি মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি নিয়মিত চেকআপের উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হয়ে তার পা ভেঙে যায়। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।