ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের খবর

ইয়েমেনে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ত্রিপক্ষীয় সামরিক চুক্তি ‘মক্কা অ্যাকর্ড’ সক্রিয় হওয়ার মাত্র কয়েক দিন পরই পাকিস্তানি যুদ্ধবিমানগুলো হুতিদের লক্ষ্য করে হামলায় অংশ নিচ্ছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো হুতিদের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হচ্ছে। এদিকে, পাকিস্তানের সাবেক মার্কিন সেনা অ্যাটাশে ও অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তা ডেভিড ও স্মিথের মতে, সৌদি আরবে বর্তমানে প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে। স্মিথের ধারণা অনুযায়ী, এই সেনাদলের মধ্যে বিমানবাহিনী এবং আর্মি এয়ার ডিফেন্সের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

স্মিথ আরও উল্লেখ করেন, সৌদি আরবের তেল স্থাপনাগুলো সুরক্ষাই হয়তো এই পাকিস্তানি সেনাদের মূল দায়িত্ব। পাকিস্তানের সঙ্গে ইরানের বিদ্যমান সম্পর্কের কথা মাথায় রেখে ধারণা করা হচ্ছে, হুতিদের সঙ্গে কোনো ধরনের সরাসরি স্থলযুদ্ধে পাকিস্তানি সেনারা অংশ নেবেন না। অপর এক পাকিস্তানি কর্মকর্তার মতে, ইয়েমেনে পাকিস্তানের ভূমিকা মূলত বিমান সহায়তা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে, যার উদ্দেশ্য হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা হ্রাস করা।

এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনকে ‘ভুয়া ও বানোয়াট’ হিসেবে অভিহিত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।