৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেয় বিএনপি হাইকমান্ড। অপকর্মে জড়ানোর অভিযোগে বহিষ্কার করা হয় কয়েক হাজার নেতাকর্মীকে। তবে বহিষ্কৃত হওয়ার পরও দলের নাম ভাঙিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল, চাঁদাবাজি ও সহিংসতায় লিপ্ত রয়েছে এই অংশটি। ফুটপাত, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, বাজার ও বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্যের লড়াইয়ে গত ছয় মাসে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ৪০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।
বিএনপির দপ্তর সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বিএনপির ২৩ জন, যুবদলের ৮ জন, ছাত্রদলের ২ জন, শ্রমিক দলের ২ জন, কৃষক দলের ২ জন, স্বেচ্ছাসেবক দলের ২ জন এবং তাঁতী দলের ১ জন কর্মী রয়েছেন। সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও দখলের ঘটনাটি বিএনপি ও সরকারের জন্য চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এই ঘটনার পর দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন দলের শীর্ষ নেতা তারেক রহমান, যার প্রেক্ষিতে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপি, উত্তর যুবদল এবং পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি ভেঙে দিয়ে ১১ জনকে বহিষ্কার এবং যুবদল-ছাত্রদলের ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত চার দিনে ৪১ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে, যাদের সিংহভাগই বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, বহিষ্কারের পর এসব নেতাকর্মী আরও লাগামহীন হয়ে পড়ছেন এবং স্থানীয় দাগী অপরাধীদের নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন। তাদের নিয়ন্ত্রণে রাখা এখন দলের ও সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা এই বেপরোয়া আচরণের প্রমাণ দেয়। গত ১লা অক্টোবর বাংলামোটরের নিউ ইস্কাটনে বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ সাইমন ব্যবসায়ী সোহানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইমন পিস্তল উঁচিয়ে তাকে গুলি করার চেষ্টা করেন এবং পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে জনতা তাকে ঘেরাও করে মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং পুলিশ ও এসআরবি তাকে গ্রেপ্তার করে। এর আগে, গত ২৮শে সেপ্টেম্বর মোহাম্মদপুর থেকে যুবদলের বহিষ্কৃত নেতা বিএম ইব্রাহিম ওরফে তালা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম ও তার সহযোগীরা গত বছরের ৫ই ডিসেম্বর সেনা ও র্যাব সদস্যের ভুয়া পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এ ছাড়া মোহাম্মদপুরের বসিলা এলাকায় যুবদলের বহিষ্কৃত নেতা ফারুক হোসেন রিপন ব্যবসায়ী তারেক আজিজের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
মুন্সীগঞ্জে বিয়ে পড়ানোর নাম করে এক সাংবাদিকের পিতাকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ৫ই অক্টোবর গ্রেপ্তার হন মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুসহ দুই নেতা, যাদের পরে দল থেকে বহিষ্কার করা হয়। ৪ঠা অক্টোবর খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহীনুর আলম মারফত এবং ৫ই অক্টোবর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে এসআরবি। স্বপনের বিরুদ্ধে ফুটপাত, গার্মেন্টস, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এবং বস্তির মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটা হত্যাকাণ্ডের তালিকায় রয়েছে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মুছাব্বির, যিনি কারওয়ান বাজারের দখল বাণিজ্যের দ্বন্দ্বে গত ৭ই জানুয়ারি নিহত হন। কাফরুলে ২৪শে জুলাই যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজকে গুলি করে হত্যা করা হয়, যা মূলত স্থানীয় যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যার জন্য ২৫ লাখ টাকায় ভাড়া করা খুনিদের লক্ষ্যভ্রষ্ট হামলা ছিল। গত ২১শে জুলাই সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহিম পলাশকে প্রকাশ্যে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এ ছাড়া কিশোরগঞ্জের মিঠামইনে জাহিদুল আলম জাহাঙ্গীর, মৌচাকে বিল্লাল হোসেন এবং দেশের বিভিন্ন স্থানে রাজু আহম্মেদ, মাসুদুল হক চৌধুরী, রফিকুল ইসলাম, রানা মিয়া ও বাদল মোড়ল দলীয় কোন্দলের বলি হয়েছেন। গত ১১ই আগস্ট নিউমার্কেটে ফুটপাত নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে ২০ জন আহত হন এবং ১৫ই আগস্ট সদরঘাটে সংঘর্ষে মিতুল নামে এক কর্মী নিহত হন।
এই পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "যারা অপকর্মে লিপ্ত হয়েছিলো তাদেরকে ইতিমধ্যে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যারা এখনও শুধরাইনি তাদের জন্য বিএনপি’র দরজা আজীবনের বন্ধ। যারাই বেআইনি কার্যকলাপে জড়াবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।" দলের স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানও একই সুর মিলিয়ে বলেন, "যেখানে বিএনপি’র পক্ষ থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে দল কঠোর অবস্থান নিয়েছে। আর এসব অপকর্মে লিপ্ত তারা বিএনপি’র কেউ না। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গণবিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
গত ২৮শে সেপ্টেম্বর সেনাবাহিনী ও র্যাবের (এসআরবি) সদস্য পরিচয়ে ঘরে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবদলের বহিষ্কৃত নেতা বিএম ইব্রাহিম ওরফে তালা ইব্রাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ই ডিসেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর সড়কে ব্যবসায়ী জাহিদ হাসানের বাসায় তালা ইব্রাহিমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবেশ করে। তারা নিজেদের সেনাবাহিনী ও র্যাবের সদস্য পরিচয় দেয়। এ সময় তারা সাদা পোশাকে থাকলেও হাতে ওয়াকিটকি ছিল। বাসায় থাকা লোকজনকে জিম্মি ও মারধর করে তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। ইব্রাহিম ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর নানা অভিযোগের কারণে ইব্রাহিমকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে বিলুপ্ত করা হয় ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের কমিটিও। এদিকে মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসীর পরিচয় ব্যবহার করে যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন রিপন বসিলা এলাকার তারেক আজিজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং কয়েক দফা ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

