রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে এবং একই বছরের ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে শহিদুল ইসলাম তাঁর মেয়ের শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযোগ রয়েছে, এর আগেও প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তিনি মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দিলে শহিদুল ইসলাম তাঁর স্ত্রী ও মেয়েকে মারধরসহ হত্যার হুমকি দিতেন।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা জানান, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। রায় ঘোষণার পর পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।